পরিচালক নিশ্চিত করলেন মধুমিতাই ‘গুলশানের চামেলি’
অভিনেত্রী মধুমিতা সরকারকে নিয়ে নির্মিতব্য ঢাকাই সিনেমা ‘গুলশানের চামেলি’ থেকে তার সরে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সম্প্রতি। তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন পরিচালক মোহাম্মাদ ইকবাল। আগামী ১ ডিসেম্বর এফডিসিতে মধুমিতাকে নিয়েই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক মোহাম্মাদ ইকবাল। তিনি জানিয়েছেন, মধুমিতা সিনেমা ছাড়ছেন না। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরেই শুরু হবে শুটিং।
পরিচালক বলেন, এসব কথা কে বলেছে, আমি জানি না। ডিসেম্বর থেকে আমাদের শুটিং শুরু হবে। আগামী ১ ডিসেম্বর এফডিসির ফ্লোরে মধুমিতাকে নিয়েই ক্যামেরা ওপেন করব।
সিনেমা থেকে নায়িকার সরে দাঁড়ানোর গুঞ্জন নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন ইকবাল। বরং এ ধরনের আলোচনা সিনেমাটির প্রচারে সহায়ক হয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষায়, এই যে কথাগুলো ছড়িয়েছে, এতে আমারই ভালো হয়েছে। পাবলিসিটি পেয়েছে।
অন্যদিকে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মধুমিতা সরকারও সিনেমা ছাড়ার খবর উড়িয়ে দিয়েছেন। তার ধারণা, একটি চক্র পরিকল্পিতভাবে তাকে সিনেমা থেকে সরে দাঁড়ানোর খবর ছড়াচ্ছে।
পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান। এর আগে বাংলাদেশের নাটকেও অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছিলেন মধুমিতা।
‘গুলশানের চামেলি’র মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
প্রায় পাঁচ বছর আগে সিনেমাটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক মোহাম্মাদ ইকবাল। তবে নানা জটিলতায় এতদিন শুটিং শুরু করা সম্ভব হয়নি। এবার ১ ডিসেম্বর থেকে কাজ শুরুর প্রস্তুতি নিয়েছেন নির্মাতা।
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিতব্য সিনেমাটিতে মধুমিতার পাশাপাশি অভিনয়ের কথা রয়েছে রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।