চাটমোহরে জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধের দাবি
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ও কপ ৩১-এর প্রাক্কালে আয়োজিত বৈশ্বিক কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে পাবনার চাটমোহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় জীবাশ্ম জ্বালানির আর কোনো নতুন প্রকল্প না করার দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত ন্যায্য ও অর্থায়নকৃত রূপান্তরের দাবিতে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। চলনবিল রক্ষায় আমরা-এর আহ্বায়ক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের পরিবেশ ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ।
.png)
ধরিত্রী রক্ষায় আমরা, চলনবিল রক্ষায় আমরা ও ওয়াটার কিপার বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি পরিচালনা করেন চলনবিল রক্ষায় আমরা-এর সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, চিকনাই নদী রক্ষায় আমরা-এর সদস্য সচিব মো. খলিলুর রহমান, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, নয়াদিগন্ত প্রতিনিধি মো. নূরুল ইসলাম, সোহেল খান, ইখতিয়ার মাহমুদ, চক্ষু চিকিৎসক আলমগীর হোসেন প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের জোর দাবি জানান। চাটমোহরের বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষায় নীতিনির্ধারক মহলের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেন।