আখাউড়ায় যুব মহিলা লীগের ৪ নেত্রী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে গোপন বৈঠক চলা কালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের চার নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- পৌর শহরের কলেজ পাড়া এলাকার কাউছার মিয়ার স্ত্রী ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফাতেমা বেগম, মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগ প্রার্থী রোকসানা আক্তার, পৌরসভা (৭,৮,৯ ওয়ার্ড) সাবেক কাউন্সিলর ও দেবগ্রাম এলাকার সুজাত খানের মেয়ে রেখা খানম ও একই এলাকার মৃত ইমন মিয়ার স্ত্রী ও যুব মহিলা লীগের সক্রিয় সদস্য নাজমা বেগম।
.png)
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এতথ্য জানায়। এর আগে, বৃহস্পতিবার বিকালে কলেজ পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর আসে পৌরসভাস্থ রাধানগর (কলেজপাড়া) এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এর লোকজন অরাজকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছে। খবর পাওয়া মাত্র সঙ্গীয় ফোর্স নিয়ে সভা চলা সময় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ উল ইসলাম গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।