এমপি নয়নকে নিয়ে রিটের প্রতিবাদ
ভোলার চরফ্যাশন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নকে নিয়ে হাইকোর্টে দায়ের করা রিটের প্রতিবাদ জানিয়েছে চরফ্যাশন প্রেসক্লাব। রিটটিকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসক্লাবের নেতারা। একই সঙ্গে রিটে উত্থাপিত অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সভায় প্রেসক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ বলেন, রিটের মাধ্যমে একজন নির্বাচিত জনপ্রতিনিধির রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তারা মনে করেন। কোনো বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত।তিনি বলেন, তথ্য-প্রমাণ যাচাই না করে কোনো ব্যক্তি সম্পর্কে মন্তব্য বা সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।
.png)
সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তোলা প্রশ্নের বিষয়ে প্রেসক্লাব নেতারা বলেন, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনার পর এমবিএ ডিগ্রি অর্জন করা উচ্চশিক্ষার স্বাভাবিক ধারা।তাদের দাবি, নুরুল ইসলাম নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পড়াশোনা শেষ করার পর ইবাইস ইউনিভার্সিটির ধানমন্ডি শাখা থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ইবাইস ইউনিভার্সিটির ধানমন্ডি শাখার অনুমোদন ও ওই সনদের বৈধতা নিয়ে প্রশ্নের বিষয়ে সাংবাদিক নেতারা বলেন, বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সংশ্লিষ্ট শাখার মূল নথি, অনুমোদন ও একাডেমিক রেকর্ডপত্র যাচাই করা প্রয়োজন। এসব নথি পরীক্ষা করলেই সনদের বৈধতা সম্পর্কে প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে তারা মনে করেন।
সভায় বক্তারা বলেন, কোনো অভিযোগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নথি ও নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ যাচাই করা জরুরি। একই সঙ্গে যাচাই ছাড়া অপ্রাসঙ্গিক বা অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। তবে হাইকোর্টে দায়ের করা রিটে নুরুল ইসলাম নয়নের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে এবং আদালত এ বিষয়ে কোনো নির্দেশনা বা পর্যবেক্ষণ দিয়েছেন কি না, তা সংশ্লিষ্ট রিটের নথি ও আদালতের আদেশ পর্যালোচনা ছাড়া নিশ্চিত হওয়া যায়নি।