ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গণশুনানিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

ভাঙ্গুড়া ( পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬
গণশুনানিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বক্তব্য দিচ্ছেন পাবনা জেলা প্রশাসক

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হুমায়ুনের বিরুদ্ধে ঘুষ দাবি, সেবা পেতে হয়রানি এবং গোপন কক্ষে দেখা করার পর কাজ করে দেওয়ার আশ্বাসের গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় আয়োজিত এক গণশুনানিতে জেলা প্রশাসকের কাছে সেবা নিতে আসা একাধিক ব্যক্তি এসব অভিযোগ করেন।

খানমরিচ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে আয়োজিত ওই গণশুনানিতে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্ন, অভিযোগ ও সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় স্থানীয় কয়েকজন অভিযোগকারী জানান, ভূমি অফিসে বিভিন্ন সেবা নিতে গিয়ে তাদেরকে নানা ধরনের হয়রানি ও দীর্ঘসূত্রতার মুখে পড়তে হয়। ঘুষ ছাড়া অনেক কাজ করা হয় না এবং সেবা প্রত্যাশীদের গোপন কক্ষে দেখা করার পর কাজ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় বলেও তারা দাবি করেন।

Advertisement

এসব অনিয়মের প্রতিবাদে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে গণশুনানিতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হুমায়ুনের বদলির দাবি তোলেন। এ সময় উপস্থিত সাধারণ জনগণ করতালির মাধ্যমে ওই দাবির প্রতি জোর সমর্থন জানান। জনগণের উত্থাপিত অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং আগামীতে এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, ইউনিয়ন পর্যায়ে ভূমি সেবা পেতে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার না হন, সে জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন। একই সঙ্গে গণশুনানিতে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। গণশুনানিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হুমায়ুনের বক্তব্য জানতে চাওয়া হলে তাকে কোনো মন্তব্য করতে রাজি হতে দেখা যায়নি।

অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, খানমরিচ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রানাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত এই অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ মানুষের সেবা প্রাপ্তি হয়রানিমুক্ত করবে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!