পদ্মায় জেলের জালে ধরা পড়ল সাড়ে ২৯ কেজির বাগাড়
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৯ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বাগাড় মাছ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর কলাবাগান এলাকায় নিমাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার রেজাউলের মৎস্য আড়তে নেওয়া হয়। সেখানে নিলামে মাছটি প্রতি কেজি ১ হাজার ৮৫০ টাকা দরে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান। ২৯ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটির মোট মূল্য দাঁড়ায় প্রায় ৫৪ হাজার ৫৭৫ টাকা।
.png)
মৎস্য ব্যবসায়ী শাহজাহান বলেন, দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের রেজাউলের মৎস্য আড়ত থেকে বাগাড় মাছটি প্রতি কেজি ১ হাজার ৮৫০ টাকা দরে কিনেছি। মাছটি ১ হাজার ৯০০ টাকা কেজি দরে বিক্রি করতে পারলে বিক্রি করে দেব। এরই মধ্যে বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করছি। ভালো ক্রেতা পাওয়া গেলে মাছটি বিক্রি করে দেওয়া হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, বাগাড় মাছ ধরা নিষিদ্ধ। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইননে এ মাছ ধরা নিষিদ্ধ। তবে এ বিষয়ে আমাদের দপ্তর থেকে আইনগত ব্যবস্থা নেয়ার এখতিয়ার নেই। বিষয়টি বন বিভাগের কর্মকর্তারা দেখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর গোয়ালন্দ অংশে বিভিন্ন সময় বড় আকৃতির বাগাড়সহ বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়ে। নিষিদ্ধ বাগাড় মাছ ধরা ও বিক্রির বিষয়টি নিয়ে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।