ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় পুকুর ও তিতাস নদীতে ২৮৬ কেজি পোনা মাছ অবমুক্ত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আখাউড়ায় পুকুর ও তিতাস নদীতে ২৮৬ কেজি পোনা মাছ অবমুক্ত
আখাউড়া থানা পুকুরে মাছের প‍োনা অবমুক্ত করছেন অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন পুকুর ও তিতাস নদীতে ২৮৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। পরে থানা পুকুর, আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুকুর, ফায়ার সার্ভিস পুকুর, রেলওয়ে পুকুর ও তিতাস নদীতে নির্ধারিত পরিমাণে পোনা মাছ ছাড়া হয়। উপজেলা মৎস্য অফিস এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান মজুমদার, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, বিএনপি নেতা আবুল ফারুক বকুল এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা।

Advertisement

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, আখাউড়ায় প্রতিবছর প্রায় ৫ হাজার ৪৩৫ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। বিপরীতে উপজেলায় মাছের বার্ষিক চাহিদা প্রায় ৩ হাজার ৬৯০ মেট্রিক টন। ফলে বছরে প্রায় ১ হাজার ৭৪৫ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত থাকে।

স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলে আখাউড়ার মাছের সরবরাহ রয়েছে।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার বিভিন্ন জলাশয় ও নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। পরিকল্পিতভাবে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানো, স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণ এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি-বাংলাদেশ//এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!