ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘ছাত্রদেরও দাওয়াত করেছিলেন বিবাহবার্ষিকীতে, অথচ উৎপলই নেই’

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ৩০ জুন ২০২২
‘ছাত্রদেরও দাওয়াত করেছিলেন বিবাহবার্ষিকীতে, অথচ উৎপলই নেই’
উৎপলের বিয়ের ছবি

উৎপল-বিউটির সংসারের শুরু ২০১৯ সালে। এ দিনেই সাতপাকে বাঁধা পড়েন এ দম্পতি। শুরু হয় নতুন জীবনের পথচলা। সুখ-দুঃখ নিয়েই কাটছিল তাদের দিন। হঠাৎ থমকে দাঁড়ায় সবকিছু। প্রিয়তম মানুষটির আজ বিবাহবার্ষিকী হলেও বুক ফেটে কান্না আসছে বিউটির। জীবনযুদ্ধ শুরু করতে না করতেই বুকে চাপা দিচ্ছেন স্বামী হারানোর কষ্ট।

যাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনছিলেন, সেই স্বামীকেই স্টাম্প দিয়ে সবার সামনে পিটিয়ে মারল তার প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল আহসান জিতু।

ঘটনাটি ২৫ জুনের। ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পেটানোর পরদিন হাসপাতালে মারা যান উৎপল। এরপর শোকের পাহাড় ডিঙিয়ে প্রিয়জনকে শেষ বিদায় দেন বিউটি।

উৎপল কুমার সরকার আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।

জানা গেছে, ২০১৯ সালের ৩০ জুন বিউটি রানী নন্দীকে বিয়ে করেন উৎপল। পরের বছর প্রথম বিয়েবার্ষিকীতে করোনার বিধিনিষেধের কারণে একান্ত নিজেদের মধ্যে কেটেছে দিনটি। ২০২১ সালেও একই চিত্র। এবার স্বজন, বন্ধু, সহকর্মীদের সঙ্গে আনন্দটি ভাগাভাগি করে নেয়ার পরিকল্পনা ছিল।

বিউটি জানান, অনেক পরিকল্পনা ছিল। সব পরিকল্পনা, স্বামীর কথা, স্মৃতি আজ বুকে শূলের মতো বিঁধছে। স্বামীর স্মৃতিচারণা করতে গিয়েই বারবার কণ্ঠরোধ হয়ে আসছে তার।

তিনি বলেন, দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও আমি ছিলাম মিরপুরে আর উৎপল ছিল জামগড়ায়। তখনো করোনার প্রকোপের কারণে ঘর থেকে বের হতে পারিনি। গত নভেম্বর থেকে আমরা দুজনে মিরপুর আনছার ক্যাম্পে ভাড়া বাসায় উঠেছি। সবে সংসারটা গুছিয়ে নিচ্ছিলাম।

বিউটি আরো বলেন, আজ ৩০ জুন আমাদের তৃতীয় বিবাহবার্ষিকীতে সবাইকে নিয়ে পালন করতে চেয়েছিলাম। ওর বন্ধু, আত্মীয়স্বজন, সহকর্মী এমনকি শিক্ষার্থীদেরও দাওয়াত করেছিল। এবারেই প্রথম একটু জাঁকজমক করে বিবাহবার্ষিকীটা করতে চেয়েছিলাম। কিন্তু সেটাও হলো না।

তিনি বলেন, ওর শখটাই বেশি ছিল। অনেক দিন ধরেই বলতেছিল। গত বছরও পালন করতে চেয়েছিল, কিন্তু তখনো করোনার কারণে হয়নি। নিজের সন্তান হবে- এ কথা বারবার বলতেন উৎপল। তার অন্য সব ইচ্ছার মতো এটিও পূরণ হয়নি।

বিউটি বলেন, মাসখানেক একটা কথা বলতো সুন্দরভাবে সংসার করবে, বাচ্চার বাবা হবে, তাকে বাবা বলে ডাকবে। এ কষ্ট আমি কাকে বোঝাব? কিন্তু আজ ও আমার কাছে নেই।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!