বাড়ির উঠানে গাঁজা চাষ, আটক ২
নোয়াখালীর কবিরহাটে বসতবাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে এনামুল হক ও পশ্চিম সোনাদিয়া গ্রামের কামাল হোসের স্ত্রী মোসাম্মৎ কহিনুর বেগম।
শুক্রবার (২০ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাট মাঝিগো বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাড়ির উঠানে গাঁজা চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাট মাঝিগো বাড়ির মো.কামাল হোসেনের বসতবাড়ির উঠানের গাঁজার বাগানে ও বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায়, কামালের বাড়িতে আটটি গাঁজা গাছ রয়েছে এবং গাঁজার বাগান থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় বাড়ির গৃহকর্তা কামাল হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
ওসি আরো জানান, ওই বাড়ি থেকে পাঁচ কেজি ওজনের আটটি গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। শুক্রবার দুপুরে আটককৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।