ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ১২
ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, সর্বশেষ নড়াইলের আব্দুর রশিদ মোড়লের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ নিয়ে নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। আব্দুর রশিদ মোড়ল বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হন।
বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে মোস্তাফিজুর রহমান, ভাটপাড়া গ্রামের রণজিৎ দাসের ছেলে সনাতন দাশ, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেশমা, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের জান্নাতুল বিশ্বাসের ছেলে ওয়ালিউল আলম শুভ, শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের মহরম বিশ্বাসের ছেলে আব্দুল আজিজ, সদর উপজেলার নাথকুণ্ডু গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ইউনুস আলী, বাসচালক মাগুরা জেলার উজ্জ্বল হোসেন, কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হারুনুর রশিদ সোহাগ, কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল আজিজ, যশোরের মনিরামপুর এলাকার শিলা খাতুন, তার ভাসুরের মেয়ে খাদিজা খাতুন ও নড়াইলের আব্দুর রশিদ মোড়ল।
ওসি মাহফুজুর রহমান আরো জানান, নিহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।