এক ফ্রিজ বিস্ফোরণে পুড়ল ৪০ কক্ষ
গাজীপুর মহানগরের ভোগড়া তালতলা এলাকায় মান্নান সরকারের কলোনিতে সোমবার সন্ধ্যায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কলোনির প্রায় ৪০টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে এ আগুন নেভায়।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই কলোনির তালাবদ্ধ একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে থাকা একটি ফ্রিজ বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা আশেপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী স্থানীয় ফায়ার স্টেশনে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, কলোনিটি টিনের বেড়া ও টিনের চালে নির্মিত। বিভিন্ন কারখানার শ্রমিক ও নিন্মআয়ের মানুষ তাতে বসবাস করেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। ফ্রিজ বিস্ফোরণের ঘটনা এখনও নিশ্চিত নই। রাত সোয়া ৮টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিল।
বাড়ির মালিক আব্দুল মান্নান সরকার জানান, আগুনে তার কলোনির ৫৫টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে।