ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাশিমপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ৫ নভেম্বর ২০২৬
কাশিমপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোনাবাড়ী ও কাশিমপুরের সীমান্তবর্তী তালতলা এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!