ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাশিমপুর কারাগার থেকে পালানো রিম্পা গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ২০ জুলাই ২০২৬
কাশিমপুর কারাগার থেকে পালানো রিম্পা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি মোছা. রিম্পা (২১) তিন দিনের মাথায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে র‍্যাব-২-এর অভিযানে গ্রেপ্তার হয়েছেন। 

পালানোর ঘটনায় এরইমধ্যে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় কারাগারের নিরাপত্তা, বন্দি তদারকি ও দায়িত্ব পালনে শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

রোববার (১৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে রিম্পাকে গ্রেপ্তার করে র‍্যাব-২। সংস্থাটির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ চলছিল। এ সময় দায়িত্বপ্রাপ্তদের নজরদারির ফাঁক গলে অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান রিম্পা। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় এবং তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন—লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং চার নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমাকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

কারা সূত্র আরও জানায়, মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা রিম্পা ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দণ্ড ভোগ করছিলেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!