ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

হামের টিকা ক্রয়-বিতরণে বিলম্বের কারণ খতিয়ে দেখতে কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪, ৫ নভেম্বর ২০২৬
হামের টিকা ক্রয়-বিতরণে বিলম্বের কারণ খতিয়ে দেখতে কমিশন গঠন
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। এ বিষয়ে দায়দায়িত্ব নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুপারিশ করবে কমিশনটি।

বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় ও বিতরণসংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখবে কমিশন।

কমিশনের সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

কমিশনকে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ ও দায়দায়িত্ব চিহ্নিত করবে তারা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দেবে কমিশন।

তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদ করার ক্ষমতা দেওয়া হয়েছে কমিশনকে। এ ছাড়া দেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে তারা। কমিশনকে সাচিবিক সহায়তা দেবে স্বাস্থ্যসেবা বিভাগ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!