সিনহা হত্যা: পুলিশের করা সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে অমিল
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের করা সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদনের অমিল রয়েছে।
সিনহার শরীরের ছয় স্থানে ক্ষত চিহ্ন, চারটি ফুটো আর গলায় আঘাতের চিহ্ন মিলেছে ময়নাতদন্ত প্রতিবেদনে। সিনহার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণেই। প্রত্যক্ষদর্শীদের বিবরণও ছিল ভিন্ন। তবে মামলার আইনজীবী দাবি করছেন ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে তা দূর হবে।
এদিকে সুষ্ঠু তদন্তের বিষয়ে আশাবাদী সিনহার সহযোগী শিপ্রা আর সিফাত। জামিনে কারাগার থেকে মুক্তির পর সোমবার রাতে কক্সবাজারে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ আশাবাদ জানান তারা।
এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. শাহীন আব্দুর রহমান জানান, এরইমধ্যে ময়নাতদন্ত প্রতিবেদনের সব কার্যপ্রণালী শেষ করা হয়েছে। প্রতিবেদনের একটি কপি আদালতে এবং আরেকটি কপি তদন্তকারী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিনহা হত্যাকাণ্ডে তার বোনের করা মামলার আইনজীবী মোহাম্মদ মোস্তফা জানান, পুলিশের করা সুরতহাল প্রতিবেদনের অসামঞ্জস্যতা ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে তা দূর হবে।