বাসের হেলপার থেকে কোটিপতি নবিদুল
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউপির নবিদুল ইসলাম। বাসের হেলপার থেকে হয়েছেন ইউপি চেয়ারম্যান। অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে কোটিপতি বনে গেছেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। এরইমধ্যে তার সম্পদের অনুসন্ধান ও কয়েক দফা শুনানি শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিরাজগঞ্জের এডিসি (শিক্ষা ও আইসিটি) এবিএম রওশন কবীর।
রওশন কবীর জানান, ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলামের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদকে অভিযোগ করা হয়েছিল। দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযোগের তদন্ত ও প্রতিবেদন দাখিলের জন্য সিরাজগঞ্জের ডিসির কাছে এ মাসের শুরুতে চিঠি আসে। এরই পরিপ্রেক্ষিতে অভিযোগের তদন্ত চলছে।
.png)
এডিসি আরো জানান, এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও অভিযুক্তের দুই দফা শুনানি শেষ হয়েছে। নির্বাচন অফিসে তার দেয়া হলফনামা ও রিটার্নে উল্লেখ করা সম্পদের সঙ্গে বর্তমান সম্পদের পরিমাণ মিলিয়ে দেখা হবে। শিগগিরই তদন্ত প্রতিবেদন ডিসির কাছে হস্তান্তর করা হবে।
২২ জানুয়ারি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির গণশুনানিতে সয়দাবাদ ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। অভিযোগে জানানো হয়, বাসের হেলপার থেকে ইউপি চেয়ারম্যান হওয়া নবিদুল ইসলাম কয়েক বছরের ব্যবধানে সয়দাবাদের মুলিবাড়ি গ্রামে পাঁচতলা ও দোতলা দুটি বাড়ি করেন। ঢাকায় অভিজাত এলাকায় পাঁচটি ফ্ল্যাট কিনেছেন তিনি। এছাড়া ২০টি ট্রাক, মাইক্রোবাসসহ কোটি টাকার সম্পত্তি রয়েছে তার।
অভিযোগে আরো জানানো হয়, নিজ এলাকায় আধিপত্য বিস্তার, নিরীহ মানুষকে মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া ছাড়াও মাদক ব্যবসার পাশাপাশি এলাকার সব অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করে অঢেল সম্পদের মালিক হয়েছেন নবিদুল ইসলাম।