ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ পেশা ও জীবন ]

দেখার চোখ বদলালে আপনাতেই আপনি বদলে যাবেন

অপূর্ব চৌধুরী
প্রকাশিত: ১০:৩২, ১২ অক্টোবর ২০২৬
দেখার চোখ বদলালে আপনাতেই আপনি বদলে যাবেন
দেখার চোখটা বদলালে আমরা এমন অনেক কিছুই দেখতে পাই, যা আমরা প্রতিদিনের চোখ দিয়ে দেখি না

লেখা এবং পড়া, দু'টাই হলো বিউটি অফ ওয়ার্ড । আর কিছুই নয় । ফলাফলে মিলে টেস্ট অফ বিউটি, সৌন্দর্যের স্বাদ । সৌন্দর্য যেখানে লোকে চিরকাল ভাবে দেখার, তার চেয়ে সৌন্দর্য আরো বেশি অনুভবের ধার । আর সেটা পাওয়া যায় - লেখায় এবং পড়ায় । 

কেউ একটাতে পায়, কেউ দু'টাতেই পায়, কেউ কোনোটাতেই পায় না; আমি পাই দুটোই, কখনো চলতে চলতে, কখনো বলতে বলতে, আবার কখনো লিখতে লিখতে আমায় যে কল্পনা দেয়, তার অনুভবে, তার সাথে নীরব হাঁটায় । অদ্ভুদ সে অভিজ্ঞতা । একবার যে পায়, বার বার সে সেখানে যায় । বাকি সব তার কাছে তখন অনেক বেশি তুচ্ছ মনে হয় ।

আমরা অনেক সময় অনেক কিছু দেখি, কিন্তু বেশিক্ষণ সেই দেখা মনে রাখতে পারি না, বেশিক্ষণ দেখতেও ইচ্ছে করে না অনেক সময়, আবার একটু দেখেই বিরক্ত হয়ে আরো কিছু অন্য রকম দেখতে চাই আমরা !

  • হোক সেটা রাস্তায় কিছু দেখা, অনলাইনে স্ক্রল করতে করতে কিছু দেখা, আবর্জনার পাহাড় একের পর এক রিল দেখা, ভাগাড় ভিডিওর স্তুপ চাটা, এমনকি কারো লেখা একটু বড় দেখলেও আপনার চোখ তাতিয়ে ওঠে আর বলে - এত বড় লিখল কেন , পড়ার সময় নাই রে ভাই !

এইসব আপনারা একটার পর একটা দেখেন, করেন, দেখতে থাকেন, একটা শেষ না হতে আরেকটায় জাম্প দেন !
কেনো দেখা আর বেশিক্ষণ দেখায় থাকে না এখন !

যদিও মানুষ এখন এমন দেখতে দেখতে তিন সেকেন্ডের সর্বোচ্চ সীমায় ধৈর্যের কাঁটায় এসে দাঁড়িয়েছে ।
সমস্যাটা ছোট্ট একটা পার্থক্যে ।

দেখা এবং লক্ষ্য করা, দুইটা দুই জিনিস । মানুষ যা দেখে, যে শুনে, যা পড়ে, তার এই নিরানব্বই ভাগ কেবল দেখে । বাকি এক ভাগ লক্ষ্য করে ।

দেখা আর লক্ষ্য করার পার্থক্য কী তাহলে !

দেখায় মানুষ কেবল জড়ো করে ।
লক্ষ্য করায় যা সে দেখলো, সেটার পেছন দেখে, ভেতর দেখে, আড়াল দেখে, গভীরে দেখে, সেই ভেতরকে নিজের ভেতর বসায় এবং শেষমেষ দেখে - যা সে এতক্ষণ দেখেছিল, আসলে এটা চোখ ভুল করে দেখছিল, কিন্তু ভেতরে তার আসল দেখাটি বের হয়ে পড়লে সেই দেখা আর দেখা থাকে না, তার ভেতর সেটা রেখা হয়ে যায় ।

  • চারপাশ বদলের দরকার নেই । আপনার নিজেরও বদলে যাওয়ার দরকার নেই । কেবল আপনার এই দেখার চোখটা বদলালে আপনাতেই আপনি বদলে যাবেন, আপনার স্বভাব বদলে যাবে, কিসে আনন্দ পাবেন আর কিসে আনন্দ পাবেন না, সেই পৃথিবী আপনার ভেতর নতুন আপনাকে জন্ম দেবে ।

সব সময় নতুন জিনিস জানতে হবে, এমন কোনো কথা নেই । নতুন নতুন কিছু জানার একটি আনন্দ আছে, এটা সত্য । কিন্তু তার চেয়ে চমৎকার কিছু আনন্দ বেশিরভাগ মানুষ মিস করে অনেকসময় । সেটি আমাদের চারপাশ, আমাদের সাথে থাকে, নিত্য আমরা তার সাথেই থাকি, সেটি আমরা খুব কম দেখি ।

আমাদের দৈনন্দিন, আমাদের চেনা চারপাশে আমরা স্বভাবতই ফোকাস দেই কম । হয়তো অভ্যস্ত বলে, অথবা আকর্ষণ করে না বলে, এমন হয় । 

  • নতুন জিনিসেই কেবল আনন্দ থাকে না, বরং আরো বেশি আনন্দ থাকে, পুরাতন কোন কিছুকে নতুন করে দেখতে পারায়, দেখার চোখে । সেই দেখাও এক প্রকার আবিষ্কার ।

দেখার চোখটা বদলালে আমরা এমন অনেক কিছুই দেখতে পাই, যা আমরা প্রতিদিনের চোখ দিয়ে দেখি না । পুরনো কিছুকে নতুন চোখে দেখার আনন্দ যেমন গভীর হয়, তেমনি সেটির মধ্যে এমন কিছু পাওয়া যায়, যা এত দিনে আপনার ভাবনাতেই ছিল না ।

এইজন্যে অনেক কিছুই জানতে হয় না, যেটুকু জানেন, যেটুকু আছে আপনার, সেটুকুকে দেখার চোখ দিলে এমন অনেক কিছুই দেখতে পাবেন, যা আপনি প্রতিদিন দেখেন না, এমনকি কোনোদিন দেখেন নি ।

লেখক: অপূর্ব চৌধুরী, প্রবাসী চিকিৎসক ও কথাসাহিত্যিক

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!