জীবনের সবচেয়ে বড় সফলতা—ভালো মানুষ হয়ে বেঁচে থাকা
জীবন অনেক কিছু শেখায়—কখনো ভালোবাসা দিয়ে, কখনো ব্যর্থতা দিয়ে, আবার কখনো মানুষের আচরণের মাধ্যমে। সময়ের সঙ্গে বুঝেছি, জীবনের সবচেয়ে বড় শিক্ষা বইয়ে নয়; অনেকটাই আসে বাস্তব অভিজ্ঞতা থেকে। জীবন থেকে নেয়া কিছু বাস্তব শিক্ষা—যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই-
১. জীবন ও সময়
সময় কাউকে থেমে থাকার সুযোগ দেয় না। আজ যে সময়টি চলে যাচ্ছে, সেটিই আগামী দিনের স্মৃতি। তাই সময়কে মূল্য দাও, কারণ হারানো সময় কখনো ফিরে আসে না।
২. কর্মজীবন
কাজকে শুধু বেতন পাওয়ার মাধ্যম হিসেবে দেখো না। সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করো। পদ বা ক্ষমতা সাময়িক; কিন্তু তোমার কাজের সুনাম দীর্ঘদিন মানুষের মনে থাকে।
৩. কর্মস্থলের মানুষ
সবাইকে খুশি করা সম্ভব নয়। তাই মানুষের কথার চেয়ে নিজের দায়িত্ব ও বিবেকের কাছে পরিষ্কার থাকো। ভালো কাজ করো, কিন্তু প্রত্যেকের কাছ থেকে প্রশংসা পাওয়ার প্রত্যাশা করো না।
৪. পরিবারই আসল আশ্রয়
জীবনে যত সাফল্যই আসুক, পরিবারের শান্তির চেয়ে বড় অর্জন খুব কমই আছে। ব্যস্ততার মধ্যেও বাবা-মা, জীবনসঙ্গী, সন্তান ও প্রিয়জনকে সময় দাও। তাদের প্রয়োজন শুধু অর্থ নয়—তোমার সময়, ভালোবাসা ও উপস্থিতি।
৫. বন্ধু চিনতে সময় নিও
সুখের সময়ে অনেক মানুষ পাশে থাকে; কঠিন সময়ে কে সত্যিকারের আপন, তা বোঝা যায়। বন্ধুর সংখ্যা নয়, একজন ভালো বন্ধুর মূল্য বুঝতে শেখো।
৬. প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখো
প্রতিবেশী শুধু পাশের বাড়ির মানুষ নয়। বিপদের সময় সবচেয়ে আগে যিনি দরজায় দাঁড়াতে পারেন, তিনি অনেক সময় একজন প্রতিবেশী। তাই অহংকার নয়, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক তৈরি করো।
৭. মানুষের প্রতি সম্মান দেখাও
মানুষের পদ, অর্থ বা সামাজিক অবস্থান দেখে নয়—মানুষ হিসেবে তাকে সম্মান করো। একজন উর্ধ্বতন যেমন সম্মানের যোগ্য, একজন অধস্তন কর্মচারী যেমন ড্রাইভার, নিরাপত্তাকর্মী বা পরিচ্ছন্নতাকর্মীও তেমনি সম্মানের যোগ্য।
৮. অর্থ প্রয়োজন, কিন্তু অর্থই সবকিছু নয়
অর্থ জীবনের প্রয়োজন মেটায়, কিন্তু শান্তি, ভালোবাসা ও সম্মান কিনতে পারে না। প্রয়োজনের চেয়ে বেশি পাওয়ার প্রতিযোগিতায় গিয়ে জীবনের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে ফেলো না।
৯. রাগের সময়ে সিদ্ধান্ত নিও না
রাগের কয়েক মিনিট অনেক বছরের সম্পর্ক নষ্ট করতে পারে। উত্তর দেওয়ার আগে একটু থামো, ভাবো, তারপর কথা বলো।
১০. ব্যর্থতাকে ভয় পেয়ো না
ব্যর্থতা শেষ নয়; অনেক সময় সেটিই সফলতার সবচেয়ে বড় শিক্ষক। পড়ে গেলে উঠে দাঁড়াও, ভুল থেকে শেখো এবং আবার চেষ্টা করো।
১১. নিজের ভুল স্বীকার করতে শেখো
“আমি ভুল করেছি”—এই কথাটি দুর্বলতার নয়, পরিণত মানসিকতার পরিচয়। ভুল লুকিয়ে রাখার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করা অনেক বড় গুণ।
১২. মানুষের উপকার করো, হিসাব রেখো না
কারও উপকার করে বিনিময়ে কিছু পাওয়ার অপেক্ষা করো না। ভালো কাজের সবচেয়ে বড় পুরস্কার হলো—তুমি একজন মানুষের জীবনে একটু হলেও আলো আনতে পেরেছ।
১৩. সন্তানদের শুধু সম্পদ দিয়ে যেও না
সন্তানের জন্য বাড়ি-গাড়ি, অর্থ-সম্পদ রেখে যাওয়ার পাশাপাশি সততা, শিক্ষা, মানবিকতা, দায়িত্ববোধ ও ভালো চরিত্র রেখে যাও। সম্পদ একদিন শেষ হতে পারে, কিন্তু ভালো শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে।
১৪. সন্তানকে সময় দাও
সন্তানের হাতে দামি মোবাইল তুলে দেওয়ার চেয়ে তার সঙ্গে কিছু সময় কথা বলা বেশি মূল্যবান। তাকে শুধু পরীক্ষায় ভালো ফল করার শিক্ষা নয়—ভালো মানুষ হওয়ার শিক্ষা দাও।
১৫. ভবিষ্যৎ প্রজন্মকে বইয়ের সঙ্গে বন্ধুত্ব করাও
প্রযুক্তি ব্যবহার করো, কিন্তু প্রযুক্তির দাস হয়ো না। মোবাইল ও ইন্টারনেট জ্ঞান অর্জনের মাধ্যম হোক; জীবনের বিকল্প নয়। বই পড়ার অভ্যাস চিন্তাশক্তি ও কল্পনাশক্তিকে সমৃদ্ধ করে।
১৬. নিজের স্বাস্থ্য ও মানসিক শান্তিকে গুরুত্ব দাও
জীবনের দৌড়ে এমনভাবে ছুটো না যে একদিন থেমে বুঝতে হবে—সময় ছিল, কিন্তু উপভোগ করার সুযোগ ছিল না। কাজের পাশাপাশি বিশ্রাম, পরিবার, প্রকৃতি ও নিজের জন্যও সময় রাখো।
১৭. কখনোই অহংকার করবে না
আজ তুমি যে অবস্থানে আছো, কাল সেখানে অন্য কেউ থাকবে। জীবন পরিবর্তনশীল। তাই ক্ষমতা, অর্থ, পদ বা পরিচয় নিয়ে অহংকার না করে বিনয়ী হও।
১৮. কারও খারাপ সময়ে হাসবে না
আজ যার কঠিন সময়, কাল সেই মানুষটির জায়গায় তুমি নিজেও থাকতে পারো। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা।
১৯. জীবনের শেষ হিসাবটা অন্যরকম
শেষ পর্যন্ত মানুষ কত টাকা উপার্জন করেছে, কত বড় পদে ছিল—তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, কতজন মানুষের মুখে হাসি ফুটিয়েছে, কতজনের উপকার করেছে এবং আপনজনদের কতটা ভালোবাসতে পেরেছে।
২০. ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার ছোট্ট বার্তা-
সৎ থেকো।
পরিশ্রম করো।
বাবা-মাকে সম্মান করো।
পরিবারকে সময় দাও।
ভালো বন্ধু বেছে নাও।
প্রতিবেশীর/সমাজের পাশে দাঁড়াও।
জ্ঞান অর্জন করো।
প্রযুক্তিকে কাজে লাগাও,
(কিন্তু তার কাছে নিজেকে হারিয়ে ফেলো না।)
আর যত বড় হও মানুষ হওয়া কখনো ভুলে যেও না।
বিনয়ী হও।
জীবন খুব দীর্ঘ নয়।
এই ছোট্ট জার্নিটা মানুষের ভালোবাসায় পূর্ণ হোক।
তাই এমনভাবে বাঁচো, যেন তোমার চলে যাওয়ার পর মানুষ তোমার সম্পদের কথা নয়—তোমার ভালো ব্যবহার, সততা, ভালোবাসা ও মানবিকতার কথা মনে রাখে।
জীবনের সবচেয়ে বড় সফলতা—ভালো মানুষ হয়ে বেঁচে থাকা।
মনে রেখো- মাটির উপরে যত ভালো কাজ করবো মাটির নিচে তত ভালো থাকবো।।
একদিন তো অন্ধকার কবরেই থাকতে হবে, একদম একা।
লেখক : আকাশ আহমেদ, এইচ আর প্রফেশনাল এবং সমাজকর্মী