[ শিশুকিশোর ]
ঘুরঘুটু
লুকোচুরির খেলায় যখন ঘুরঘুটু এই ঘর, বুকের ভেতর টিপটিপিয়ে বাড়ছে কেবল ডর
হঠাৎ রাতে ঘরবাড়ি সব—ঘুরঘুটু হয় কালো,
কে নেভালো ফুঁ দিয়ে ভাই হ্যারিকেনের আলো?
চোখ বুজেছি, চোখ মেলেছি—সবই একাকার,
হাতড়ে মরি, দেয়াল ধরি, সব যে অন্ধকার!
খাট থেকে কে ঝুলিয়ে দিল বিশাল কালো ঠ্যাং?
হঠাৎ ওরে ডাকল বুঝি কোলা ব্যাঙের গ্যাং?
দেয়ালের ওই ছায়াটা কি নড়ল একটুখানি?
ভূত নাকি ও? সত্যি হলে গেছি এবার জানি!
টর্চের ক্ষীণ আলো জ্বেলে খুঁজছি কবাট-খিল,
মাথার ওপর ঘুরছে পাখা, নাকি ওটা চিল?
লুকোচুরির খেলায় যখন ঘুরঘুটু এই ঘর,
বুকের ভেতর টিপটিপিয়ে বাড়ছে কেবল ডর!
হঠাৎ মামা হেঁকে বলে, পেলি না তো মোরে?
খিলখিলিয়ে হাসল সবাই অন্ধকারে জোরে।
ঘুরঘুটু এই ভয়ের মাঝেও গুপ্ত ছিল সুখ,
আলো আসতেই দেখা গেল সবার চেনা মুখ!
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!