[ শিশুকিশোর ]
কাশবনে লুকোচুরি
পাখির কণ্ঠে সুর বেঁধেছে শরৎকালের গান, সকাল দুপুর আনন্দে তাই এলিফ-জাভিয়ান।
নদীর বাঁকে মেঘের ছায়ায়
জল ছুঁয়ে যায় চিল,
শরৎদিনের শান্ত চরে
আকাশটা বেশ নীল।
কাঁপন লাগে নদীর বুকে
হালকা হাওয়ার টানে,
জাভিয়ান তাই শাপলা তুলে
দু'হাত ভরে আনে।
সাদা কাশের গহন বনে
রোদ-মেঘের ছায়া
সবুজ ঘাসের আঁচল ধরে
লুটিয়ে পড়ে মায়া।
শরৎ আজ অরূপ রূপে
শান্ত নদীর বাঁকে
উদাস মনে এলিফ কখন
লুকায় কাশের ফাঁকে।
জাভিয়ান তাই খুঁজে ফেরে
কোথায় গেলো বোন?
খিলখিলিয়ে হাসল এলিফ
কাঁপল যে কাশবন।
পাখির কণ্ঠে সুর বেঁধেছে
শরৎকালের গান,
সকাল দুপুর আনন্দে তাই
এলিফ-জাভিয়ান।
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিশুকিশোর আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!