ঢামেকে কারাগারের হাজতির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।
মৃত হাজতির নাম মোহাম্মদ মো. শাহিন আলম (৪০)। তার হাজতি নম্বর ২৮২১০/২৬। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার বশির উদ্দিনের ছেলে। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
.png)
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারারক্ষী আমিরুল ইসলাম জানান, বুধবার বিকেলে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহিন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে শাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।