সূত্রাপুরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ছেলের পর বাবারও মৃত্যু
রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে পারিবারিক বিরোধের জেরে ঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ মো. সিদ্দিক (৫৫) মারা গেছেন। শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে মো. ইমনের (২৫) পর সিদ্দিকও মারা গেলেন।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শ্যামবাজারে নিজেদের টিনশেড বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সৌদি প্রবাসী ইমন নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে পরিবারের অন্য সদস্যরাও দগ্ধ হন।
পরে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ইমনের মৃত্যু হয়। শুক্রবার সকালে মারা যান তার বাবা সিদ্দিক।
.png)
ঘটনায় সিদ্দিক ও ইমন ছাড়াও দগ্ধ হন তাদের স্বজন মো. রাজিব (৩৫), মো. দুলু ওরফে আরিফ (৩৬) এবং তানিয়া (১৭)। রাজিব ও দুলু পেশায় ইলেকট্রিশিয়ান। তানিয়া স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, সিদ্দিকের শরীরের ৩৫ শতাংশ, ইমনের ৯০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ, দুলুর ৮ শতাংশ এবং তানিয়ার ৬০ শতাংশ পুড়ে যায়।
বর্তমানে রাজিব, দুলু ও তানিয়া চিকিৎসাধীন রয়েছেন।