‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, ভাইরাল হওয়া অডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাকিবুল হাসানকে ডেকেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছিল। কমিটিতে ডিবির একজন কর্মকর্তা এবং ডিএমপি সদরদপ্তরের দুজন কর্মকর্তা ছিলেন।
.png)
সাবেক ওসি রাকিবুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে, ১৭ সেপ্টেম্বর রাতে ডিবিতে তাকে ডাকার বিষয়টিও নিশ্চিত করেছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানিয়েছিলেন, ভাইরাল হওয়া অডিওর বিষয়ে রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করবে ডিএমপির গঠিত কমিটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের নামে একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে এক ব্যক্তিকে পুলিশ, সরকার ও বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য দিতে শোনা যায়। সেখানে বলা হয়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’
অডিওতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিএনপির দিকে ঝুঁকে পড়ার দাবি এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের অবস্থান নিয়েও বক্তব্য শোনা যায়। এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায় সাবেক ওসি রাকিবুলকে।