ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

গ্যাস লিকেজের ভয়াবহতা, একই পরিবারের তিন প্রাণ ঝরল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৯, ২৬ জুলাই ২০২৬
গ্যাস লিকেজের ভয়াবহতা, একই পরিবারের তিন প্রাণ ঝরল
ফাইল ছবি

রাজধানীর ভাটারা এলাকায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফাহিমা আক্তার (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এর মাধ্যমে ওই মর্মান্তিক দুর্ঘটনায় দগ্ধ একই পরিবারের তিনজনই না ফেরার দেশে চলে গেলেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে ফাহিমার ভাগ্নি হাফসা আক্তার (৮) এবং শুক্রবার (২৪ জুলাই) তার স্বামী শাহিন (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গ্যাস লিকেজের ঘটনায় ফাহিমার শরীরের ৪৫ শতাংশ, শাহিনের ৫০ শতাংশ এবং শিশু হাফসার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে ভাটারা নতুনবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত শাহিন পেশায় কাপড়ের শোরুমের কর্মী ছিলেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

প্রতিবেশীদের সূত্রে জানা যায়, তিতাসের গ্যাসের লাইন থেকে রাতে গ্যাস জমে থাকায় ভোরের দিকে এই বিস্ফোরণ ঘটে। এদিকে নিহত ফাহিমার চাচি শামীমা সুলতানা অভিযোগ করে জানান, বাসাটিতে ওঠার সময় গ্যাসের গন্ধ পেলেও বাড়িওয়ালা কেবল একবার পাইপ মেরামত করেছিলেন। পরবর্তীতে পাইপে আবারও লিকেজ দেখা দিলেও তা ঠিক না করায় বাড়িওয়ালার গাফিলতির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহত ফাহিমার গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!