আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্বাগতিক হিসেবে খেলছে আফগানিস্তান। সিরিজের একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে অধারাবাহিক হলেও জায়গা ধরে রেখেছেন ওপেনার সাদমান ইসলাম। স্কোয়াডে ফেরার পর একাদশেও আছেন স্পিনার নাঈম হাসান। তার সঙ্গে অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ স্পিন বিভাগ সামলাবেন। একাদশে দুই পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
প্রথমবারের মতো আফগানদের টেস্টে নেতৃত্ব দিতে নেমেছেন রহমত শাহ। তার দলে তিনটি করে স্পিন ও পেস অপশন রাখা হয়েছে। দুই দল এখন পর্যন্ত দুই বার টেস্টে মুখোমুখি হয়ে ফিফটি-ফিফটি ফল। বাংলাদেশ ও আফগানরা জিতেছে একটি করে। এবার সেই সমতা ভাঙার পালা।
দুই দলের প্রথম টেস্ট হয়েছিল ২০১৯ সালে চট্টগ্রামে। সেবার বাংলাদেশকে ২২৪ রানে হারিয়ে চমক দেখিয়েছিল আফগানিস্তান। ২০২৩ সালে ঢাকায় ফিরতি টেস্টে অবশ্য আফগানদের ওপর আধিপত্য দেখায় বাংলাদেশ। বাংলাদেশ জিতেছিল ৫৪৬ রানের বিশাল ব্যবধানে।