ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

তিন ঘণ্টার চেষ্টায় আরমানিটোলার আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৮, ২৩ এপ্রিল ২০২১
তিন ঘণ্টার চেষ্টায় আরমানিটোলার আগুন নিয়ন্ত্রণে, নিহত ২
কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে -ছবি: সংগৃহীত

রাজধানীর বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় একটি আবাসিক ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার রাত সোয়া তিনটার দিকে হাজী মুসা ম্যানশন নামে একটি ছয়তলা ভবনে এ আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তি ভবনটির নিরাপত্তারক্ষী ছিলেন। এছাড়া ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অস্থায় আরো এক নারী মারা যান।

প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়েছে।

ছয়তলা ভবনটিতে নিচতলায় কেমিক্যালের গোডাউন ও কয়েকটি দোকান রয়েছে। ভবনের দোতলা থেকে পাঁচ তলা পর্যন্ত ভাড়াটিয়া রয়েছেন। প্রথমে ভবনের ছাদে কিছু লোক আটকা পড়েন। পরে তাদের জানালা ও বারান্দার গ্রিল কেটে বের করে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এর আগে, ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অবৈধভাবে পরিচালিত কেমিক্যালের গুদামে আগুন লেগে ১২৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টা এলাকায় ভয়াবহ আগুনে ৬৭ জনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!