আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত ১, আহত ১৭
রাজধানীর বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় একটি আবাসিক ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ আহত হয়েছেন ১৭ জন।
বৃহস্পতিবার রাত সোয়া তিনটার দিকে হাজী মুসা ম্যানশন নামে একটি ছয়তলা ভবনে এ আগুন লাগে।
বংশাল থানার ওসি শাহিন ফকির জানান, ভবনটি থেকে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করে। এরপর আগুনের তীব্রতা বাড়ায় আরো তিনটি ইউনিট যুক্ত হয়। এর কিছুক্ষণ পর আরো চারটি ইউনিট যুক্ত হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, র্যাব ও স্বেচ্ছাসেবীরা।
তিনি আরো জানান, ভবনটির নিচতলায় রাসায়নিক গুদাম থাকায় আগুনের তীব্রতা বাড়ছে। ভবনের দোতলা থেকে পাঁচতালা পর্যন্ত ভাড়াটিয়া রয়েছেন। ভবনের ছাদে কিছু লোক আটকা পড়েছে। বাড়ির ওপরের লোকজনকে উদ্ধারে ল্যাডার ইউনিট যুক্ত করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে ভোর ৫টার দিকে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।