ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিংড়ায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ২৪ অক্টোবর ২০২৬
সিংড়ায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে আটক যুবক।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে নাটোরের সিংড়ায় আবু হূরায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা করা হয়েছে।

নাটোর জেলা পুলিশের তথ্য অনুযায়ী, প্রতারক চক্রটি হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ডিজিটাল যোগাযোগমাধ্যমে নিজেদের প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত। সরকারি চাকরি ও রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা অর্থ দাবি করত।

সম্প্রতি গ্রেপ্তার আবু হূরায়রা একই কৌশলে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক পদে মনোনয়নের জন্য ফরম পূরণের কথা বলে অর্থ দাবি করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালায় ডিবি পুলিশ।

গ্রেপ্তার আবু হূরায়রা সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে রেডিও টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। রংপুরে অবস্থানকালে তাঁর বিরুদ্ধে একই ধরনের প্রতারণার অভিযোগে মামলা হওয়ার তথ্যও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার নাটোরের পুলিশ সুপার শরিফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিজিটাল মাধ্যমে কেউ পরিচয় বা পদবি ব্যবহার করে অর্থ দাবি করলে যাচাই না করে টাকা না দেওয়া এবং এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/নাটোর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!