ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মদনে মাদক সেবনের অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ২৮ অক্টোবর ২০২৬
মদনে মাদক সেবনের অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনা  মদনে মাদক সেবনের দায়ে মোল্লা যাবীদ সৌধ (২২) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মদন পৌরসভার আসকি পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের।

দণ্ডপ্রাপ্ত মোল্লা যাবীদ সৌধ ওই এলাকার ইউসুফ হায়দারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগে বুধবার বিকেলে মদন থানা পুলিশের সহযোগিতায় আছকিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ক্রমিকে অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের বলেন, “মাদক সেবনের সময় একজনকে হাতেনাতে আটক করে আইন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!