ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

নোবিপ্রবিতে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ৯ নভেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান ও উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ প্রতিষ্ঠান চালুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির জন্য নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেন, আজকের দিনটি অন্য দিনের মতো নয়। এই সকাল একটি ভবিষ্যতের বীজ বপন করছে, যা একদিন মহীরুহে পরিণত হয়ে এ অঞ্চলকে আলোকিত করবে। এ সময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। তার উদ্যোগেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নোবিপ্রবি ইতিমধ্যে নিজের অবস্থান তৈরি করেছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে সেই অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হবে।

সংসদ সদস্য বলেন, প্রতিষ্ঠানটিতে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সবার। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে। এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানানোর পাশাপাশি প্রতিষ্ঠানটির জন্য জমি অধিগ্রহণে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপের প্রয়োজন হয়। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সে সুযোগ পাবেন। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জনের সঙ্গে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা জড়িয়ে রয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতায় একটি জ্ঞানভিত্তিক ও শিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব। নোবিপবি পরিচালিত এ প্রতিষ্ঠান একদিন শিক্ষাক্ষেত্রে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এখানে স্থানীয় মানুষের সন্তানেরাই পড়াশোনার সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।

এ সময় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণ, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।

ডেইলি-বাংলাদেশ/নোবিপ্রবি/একেকে
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!