[ ক্যাম্পাস ]
আলো আর প্রার্থনায় কুবিতে কালী পূজা ও দীপাবলি উৎসব
ছবি : ডেইলি বাংলাদেশ
আলো, প্রার্থনা ও ভক্তির আবহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদ্যাপিত হচ্ছে কালী পূজা ও দীপাবলি উৎসব। রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে দীপাবলি উৎসব এবং প্রার্থনা কক্ষে সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গল আরতি ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় দীপাবলি উৎসব। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা ও ধুনুচি নৃত্য। রাত ৯টা থেকে শুরু হয় কালী পূজার আনুষ্ঠানিকতা। গভীর রাতে অঞ্জলি শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল বৈরাগী বলেন, এদিন ভগবান শ্রীরামচন্দ্র ১৪ বছর বনবাস শেষে অযোধ্যায় ফিরে আসেন। তাঁকে বরণ করে নিতে অযোধ্যাবাসীরা আলোকসজ্জা করেছিলেন। সেই ঐতিহ্যকে ধারণ করেই তাদের এ আয়োজন। দীপাবলির আলোয় সবার মনের অন্ধকার দূর হয়ে মঙ্গল বয়ে আসুক, এটাই তাদের প্রত্যাশা।
সনাতন বিদ্যার্থী সংসদের কালী পূজা কমিটির আহ্বায়ক অপু পাল বলেন, দ্বিতীয়বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কালী পূজার আয়োজন করা হয়েছে। পূজার মাধ্যমে মায়ের কাছে সবার মনোবাসনা পূরণের প্রার্থনা জানানো হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/কুবি/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!