জাবি ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টার, পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টার লাগানো এবং এক নারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক যুগ্ম সাধারণ সম্পাদককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর এলাকায় তাঁর মায়ের পরিচালিত একটি চায়ের দোকান থেকে সাইফুল ইসলাম (২৬) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর মা নাসিমা বেগম জাবি ক্যাম্পাসের পরিবহন এলাকায় চায়ের দোকান পরিচালনা করেন।
ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, সাইফুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের পোস্টার লাগানোর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রিকশা ও অটোরিকশাচালকদের মধ্যে খাবার বিতরণ করতেন। তাঁর মুঠোফোনে ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন শিক্ষার্থীকে নিয়ে অপপ্রচারের তথ্য পাওয়া গেছে।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার গণঅধিকার পরিষদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশকে কেন্দ্র করে। ওই কর্মসূচিতে অংশ নেওয়া নারী অধিকার পরিষদের নেত্রী শারমিন আক্তার সাথীর একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে সাইফুলের বিরুদ্ধে।
শারমিন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি বলেন, র্যালিতে নারী অধিকার পরিষদের নেতাকর্মীদের নিয়ে স্লোগান দেওয়ার একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হয়। পরে সাইফুল ভিডিওটি ফেসবুকে শেয়ার করে তাঁকে ও গণঅধিকার পরিষদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
শারমিন আরও বলেন, বিষয়টি জানার পর সহপাঠীদের নিয়ে সাইফুলের সঙ্গে কথা বলতে গেলে তিনি তাঁর ফেসবুক আইডি হ্যাক হওয়ার দাবি করেন। পরে তাঁর মুঠোফোন পরীক্ষা করে বিভিন্ন শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচারের তথ্য এবং ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দামের সঙ্গে তাঁর ছবি পাওয়া যায়।
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, সাইফুলের মুঠোফোনে ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং ক্যাম্পাসে পোস্টার লাগানোর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া জাকসুর সাবেক ভিপি আব্দুর রশিদ জিতু ও ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের তথ্যও রয়েছে।
তিনি বলেন, সবকিছু যাচাই-বাছাই করে সাইফুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক আবদুস সাত্তার বলেন, অভিযুক্তের মুঠোফোনে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। পুলিশ ফোনটি নিয়ে তাঁকে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী জানান, সাইফুলকে আটকের পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে আশুলিয়া থানা পুলিশ তাঁকে ও তাঁর মুঠোফোন নিয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফোন পেয়ে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তকে থানায় আনা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি।