চবি বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির নতুন কমিটি ঘোষণা; সভাপতি বাবু, সাধারণ সম্পাদক সাব্বির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির ২০২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুল হাসান বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির জোমাদ্দার।
রবিবার (০৮ অক্টোবর ২০২৬) সদ্য সাবেক সভাপতি মাহীন জামান ও সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম তারেক (বাংলা, ২০২১-২২), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আল হাদি মুগ্ধ (আইএলএম, ২০২১-২২), সাংগঠনিক সম্পাদক মো. আবু শাহাদাত লাবিদ (ইংরেজি, ২০২২-২৩), দপ্তর সম্পাদক মো. সিফাতুল ইসলাম (জার্নালিজম, ২০২৩-২৪), প্রচার সম্পাদক রাফিয়া ইসলাম রাফা (দর্শন, ২০২৩-২৪) এবং অর্থ সম্পাদক রাতুল খান (ইতিহাস, ২০২৩-২৪)।
নতুন কমিটির সাধারণ সম্পাদক সাব্বির জোমাদ্দার বলেন, "বরিশাল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই আমাদের প্রধান লক্ষ্য। নতুন কমিটি শিক্ষার্থীদের স্বার্থ ও কল্যাণে কাজ করবে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সমিতিকে আরও সক্রিয় ও গতিশীল করার চেষ্টায় থাকবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।"
তিনি আরও বলেন, "আমরা দল-মত ও শিক্ষাবর্ষের ঊর্ধ্বে উঠে বরিশাল বিভাগের সকল শিক্ষার্থীকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমিতিকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব।"
এ ছাড়া সমিতির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সৈয়দ আতাউর রহমান কবির, আনোয়ার হোসেন মিজান, সৈয়দ মাইনুল ইসলাম মঈন ও মো. জাহিদ হাসান।
ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়াসিম শেখ রোমান ও মোস্তাফিজুর রহমান।
নতুন কমিটির মাধ্যমে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।