দায়িত্বে অবহেলার অভিযোগে জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের ১১ নেতাকে দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা সত্ত্বেও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে এ নোটিশ দেওয়া হয়।
রোববার (৮ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশ উল্লেখকৃত নেতাদের মধ্যে রয়েছেন শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, নবাব সলিমুল্লাহ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন, আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত হোসেন, শেরেবাংলা এ কে ফজলুল হক হল শাখা ছাত্রদলের সভাপতি সাইফ বিন মাহবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম।
এ ছাড়া শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ হল শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ পাপন, আল-বেরুনী হল শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রদলের সভাপতি ফাহাদুর জামান শোভন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রদলের সভাপতি হাফিজুল্লাহ সালমান।
নোটিশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা সত্ত্বেও দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পৃথক দুটি নোটিশের মাধ্যমে এসব নেতাকে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়েছে।