লোকসংস্কৃতির আধুনিক উপস্থাপনা নিয়ে বিতর্ক, চ্যাম্পিয়ন ‘ফ্যাক্টফাইন্ডার্স’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলাদেশ স্টাডিজ বিভাগ ও Interriora Botanica Int. Innovate Cultivate Elevate. এর উদ্যোগে বাংলাদেশের লোকসংস্কৃতিকে জনপ্রিয় করার ক্ষেত্রে আধুনিক উপস্থাপনার প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগ ক্লাবের ডিবেট উইংয়ের উদ্যোগে প্রথম আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ‘দীপ্তমান’ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ‘ফ্যাক্টফাইন্ডার্স’।
রোববার (৮ নভেম্বর ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার ফাইনাল, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 'এই সংসদ লোকসংস্কৃতিকে জনপ্রিয় করার জন্য আধুনিকভাবে উপস্থাপন সমর্থন করে’ শীর্ষক বিষয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশ নেয় প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের দল ‘দীপ্তমান’। দলটির সদস্যরা হলেন আবু তাহের মেজবাহ, মারিয়া খাতুন ও নাঈম হাসান। অন্যদিকে বিরোধী দল হিসেবে অংশ নেওয়া ‘ফ্যাক্টফাইন্ডার্স’ দলের সদস্যরা হলেন সাব্বির মন্ডল, নাঈম মাহমুদ ও আসিফ সরকার। ফাইনাল রাউন্ডে বিজয়ী হয়ে দলটি চ্যাম্পিয়ন এবং ‘দীপ্তমান’ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজক সূত্রে জানা যায়, এক সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়। প্রতিযোগিতার বাছাইপর্বে তিনটি রাউন্ড অনুষ্ঠিত হয়। তিন রাউন্ডেই জয়লাভ করে মোট ৭৯৫ পয়েন্ট অর্জনের মাধ্যমে সেমিফাইনালে জায়গা করে নেয় ‘ফ্যাক্টফাইন্ডার্স’। পরবর্তী সময়ে ফাইনাল রাউন্ডে জয়লাভ করে দলটি শিরোপা নিশ্চিত করে।
বাংলাদেশ স্টাডিজ ক্লাবের ডিবেট উইংয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তৈয়বা খানম ইভা। উক্ত প্রতিযোগিতার কনভেনর ছিলেন বাংলাদেশ স্টাডিজ ডিবেট উইংয়ের সমন্বয়ক মেহেদী হাসান মাহিন। পুরো আয়োজনের প্রধান উপদেষ্টা ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন।
ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাহানা পারভীন ও হাসনাইন ইস্তেফাজ এবং প্রভাষক মো. ইউসুফ ও মো. তানবীরুল ইসলাম।
ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন বলেন, ‘আমাদের বিভাগের একাডেমিক কমিটি কর্তৃক অনুমোদিত ক্লাবের ৮ টি উইংয়ের মধ্যে ডিবেট উইং অন্যতম। অত্যন্ত সফলভাবে ডিবেট উইং চমৎকার ও জাঁকজমকপূর্ণ বিতর্ক করেছে। বিতর্ক কেবল যুক্তিতর্কের বিষয় নয়, এটি একটি শিল্প। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মতামত যুক্তি ও তথ্যের ভিত্তিতে সুন্দরভাবে উপস্থাপন করতে শেখে। শুধু পোশাক-পরিচ্ছদে স্মার্টনেস প্রকাশ পায় না; বরং কথা বলার ধরন, চিন্তাভাবনা ও যুক্তি উপস্থাপনের মধ্যেও স্মার্টনেসের পরিচয় পাওয়া যায়। বিতর্কচর্চা শিক্ষার্থীদের সেই দক্ষতা অর্জনের পাশাপাশি পাবলিক স্পিকিংয়ের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) সাবেক সভাপতি কায়েস মুহাম্মদ সাইফুল্লাহ, সাবেক সহ-সভাপতি অর্নব মিত্র, নুজহাত তাবাসসুম ও আরাফাত হোসাইন। এ ছাড়া বর্তমান সহ-সভাপতি সানজিদা মেহেনাজ তাসনিম এবং বিতর্ক সম্পাদক সীমান্ত মজুমদার উৎস বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।