লোহাগড়ায় বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা
নড়াইলের লোহাগড়ায় বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় চত্বরে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক বলেন, বাল্যবিবাহের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে হবে। এর ক্ষতিকর দিকগুলো সবার সামনে তুলে ধরতে হবে। মাদক প্রতিরোধে প্রতিটি পরিবার থেকেই উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও মাদকাসক্তি সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। বিশেষ করে শিক্ষার্থীদের এসব অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই তাদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে গড়ে তোলা অত্যন্ত জরুরি।