ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাটমোহরে ডিলারের গোডাউন থেকে ৬১১ বস্তা সার লুট, উদ্ধারে প্রশাসনের মাইকিং

নুরুল ইসলাম চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ৯ নভেম্বর ২০২৬
চাটমোহরে ডিলারের গোডাউন থেকে ৬১১ বস্তা সার লুট, উদ্ধারে প্রশাসনের মাইকিং
ছবি- ডেইলি বাংলাদেশ

 পাবনার চাটমোহরে সরকারি বরাদ্দকৃত সার বিতরণের সময় বিশৃঙ্খলা ও অসন্তোষের জেরে ডিলারের গোডাউন ভেঙে প্রায় ৬১১ বস্তা সার লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকালে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে বিসিআইসির অনুমোদিত ডিলার প্রদীপ কুমার পালের পয়েন্টে এই  ঘটনা ঘটে। এলাকার কয়েকশত ক্ষুব্ধ কৃষক ও স্থানীয় জনতা এ লুটপাটে অংশ নেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লুট হওয়া সার ফেরত পেতে এলাকায় মাইকিং শুরু করেছে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী চাটমোহর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার বিতরণের কার্যক্রম চলছিল। গোডাউনে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। ৩ জন ডিলারের একই দিনে সার দেওয়ার কথা থাকলেও বিএডিসির দুই ডিলার সার প্রদান বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করেন। ফলে প্রায় ৩ থেকে ৪ হাজার সার প্রত্যাশী কৃষক বিসিআইসি ডিলার প্রদীপ পালের দোকানে ভিড় জমান। ডিলারের প্রতিনিধি নিরু ঘোষ নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডের কৃষকদের মাঝে সার বিতরণ শুরু করলে অপর ওয়ার্ডের বঞ্চিত ও লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়। একপর্যায়ে সার নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে ক্ষুব্ধ জনতা গোডাউনের টিনের বেড়া কেটে ও টিনশেড ঘরে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে এবং ভেতরে থাকা সার লুট করে নিয়ে যায়।

 

সার বিতরণকালে সেখানে উপস্থিত উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, সাইদুর রহমান ও দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা উত্তেজিত জনতার মারমুখী আচরণের কারণে বাধা দিতে ব্যর্থ হন। এ সময় ডিলারের কর্মচারীরাও ভয়ে সরে পড়েন। পরবর্তীতে হিসাব পর্যালোচনা করে দেখা যায়, গোডাউনে থাকা ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে মাত্র ১৭০ বস্তা নিয়মানুযায়ী বিতরণ করা হয়েছিল। বর্তমানে সেখানে ৪০০ বস্তা সার অবশিষ্ট রয়েছে এবং বাকি ৬১১ বস্তা সার খোয়া বা লুট হয়েছে বলে নিশ্চিত করেছে কৃষি বিভাগ।

 

ঘটনার পর অভিযুক্ত ডিলার প্রবীর কুমার পালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার চাচা সঞ্জিত পাল জানান, ভয়াবহ এই আকস্মিক ঘটনার পর তার ভাতিজা মানসিকভাবে অত্যন্ত ভীত ও সন্তস্ত্র হয়ে পড়েছেন, যার কারণে তার মুঠোফোনটি বন্ধ রয়েছে। তবে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

লুটপাটের খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা দুর্ঘটনাকবলিত ডিলার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বসাধারণের সঙ্গে কথা বলেন এবং ছাইকোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক জরুরি বৈঠক করেন।

 

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং জারি করা হয়েছে। বলা হয়েছে, যারা নিজ দায়িত্বে লুট হওয়া সার ফেরত দেবেন কিংবা সারের মূল্য জমা দেবেন, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না। তবে নির্দেশ অমান্য করে সার রেখে দিলে পরবর্তীতে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় কৃষকদের একাংশ পরবর্তীতে খোলাবাজারে পর্যাপ্ত সার বিক্রির দাবি জানিয়েছেন।

 

ঘটনার বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান জানান, হিসাব অনুযায়ী ৬১১ বস্তা সার লুট হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যেন কৃষকেরা সার ফেরত দেন। যারা সার বা টাকা ফেরত দেবেন তারা আইনি প্রক্রিয়া থেকে ছাড় পাবেন, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ বলেন, এই ঘটনায় যে ক্ষতি হয়েছে তা পূরণে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জরুরি ব্যবস্থা নেওয়া হবে। পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। প্রাথমিক পর্যালোচনায় এটি কোনো পূর্বপরিকল্পিত ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একটি তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করা হবে।

 

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম   জানান, জেলায় সারের কোনো সংকট নেই এবং সরকারি বরাদ্দ চাহিদার চেয়েও বেশি রয়েছে। লাইনে থাকা ভিড় ও হট্টগোলের সুযোগে কিছু অসৎ লোক এ বিশৃঙ্খলা ঘটিয়েছে। প্রশাসন মাইকিং করে সার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সচল রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!