রিয়াদ বিমানবন্দরে হামলা: তীব্র ক্ষোভ ও নিন্দা ইসলামী আন্দোলনের
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের বিমান হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ ১২ জনের প্রাণহানি এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর নিন্দা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)।
আজ রোববার (১১ অক্টোবর) দলের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে শোকাহত পরিবারবর্গ, বিশেষ করে নিহত ও আহত বাংলাদেশিদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন। একই সাথে তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের হামলা সম্পূর্ণ বরদাশতযোগ্য নয়। অবিলম্বে এ জাতীয় হামলা বন্ধ হতে হবে।”
তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সকল পক্ষকে বৈরিতা বন্ধের আহ্বান জানান। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সার্বিক সুরক্ষার পাশাপাশি সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের পথ উন্মুক্ত করার ওপর জোর দেন তিনি।
একই সাথে আইএবি মহাসচিব ক্ষতিগ্রস্ত ও আহত বাংলাদেশিদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং তাঁদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের কাছে জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের পরিচালিত এই ভয়াবহ হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০৯ জন। আহতদের অনেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।