ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে আসিফ–সারজিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৭, ৫ অক্টোবর ২০২৬
জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে আসিফ–সারজিস
ছবি সংগৃহীত

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনের তিন সদস্যের কেন্দ্রীয় আংশিক কমিটিতে মো. সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক ও মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা পরিষদে আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচজন কেন্দ্রীয় নেতা।

সোমবার এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের এই কমিটি গঠনের কথা জানানো হয়। জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স মূলত এনসিপির সহযোগী সংগঠন। এই সংগঠনটির সভাপতি–সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া দুজন (সালমান ও হাসিবুল) গত মে মাসে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। সংগঠনের ঘোষিত আংশিক কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া অন্য তিনজন হলেন এনসিপির সংসদ সদস্য মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম এবং দলটির নেতা আরমান হোসাইন।

জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখাসহ জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!