ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

‘বাবা-মায়ের অকর্মা সন্তানরাই সাংবাদিক হয়’: সাবেক ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৮, ৮ অক্টোবর ২০২৬
‘বাবা-মায়ের অকর্মা সন্তানরাই সাংবাদিক হয়’: সাবেক ছাত্রদল নেতা
ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

নরসিংদীতে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করেছেন জেলা ছাত্রদলের সাবেক এক নেতা। তার দেওয়া ওই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিক মহলে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মাজহারুল ইসলাম লেখেন, ‘জল পাড়া সাংবাদিকের নিউজ হলো জলপরী নিউজ।’ এরপর কিছু সাংবাদিককে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘কিছু কিছু সাংবাদিক দেখলে মনে হয়, বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তান গুলোই সাংবাদিক হয়।’

মাজহারুল ইসলাম নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নরসিংদী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তারা বলছেন, সাংবাদিকদের কোনো নির্দিষ্ট প্রতিবেদন বা কাজ নিয়ে সমালোচনা থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে করা যেতে পারে। তবে পুরো সাংবাদিক সমাজকে হেয় করে মন্তব্য করা অনাকাঙ্ক্ষিত।

এ বিষয়ে জানতে চাইলে মাজহারুল ইসলাম বলেন, ‘সব সাংবাদিক সৎ কিংবা ভালো না। আমি সকল সাংবাদিককে বলিনি, কিছু সাংবাদিককে বলেছি।’

তার স্ট্যাটাসে ‘জলপরী’ শব্দ ব্যবহারের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোনো মূলধারার সাংবাদিক ‘জলপরী’ পেয়েছেন—এমন খবর কোথায় প্রকাশ হয়েছে, তা তিনি পুরোপুরি জানেন না। তিনি বলেন, ‘আমি আসলে পুরো নিউজ পড়িনি কিংবা পুরো ভিডিও নিউজও দেখিনি। স্ক্রল করতে গিয়ে যেটুকু সামনে এসেছে, সেটুকুই দেখেছি।’

এ বিষয়ে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস বলেন, ‘সাংবাদিক সমাজকে অবমাননা করে এ রকম স্ট্যাটাস প্রত্যাশিত নয়। যারা কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের ঘুলিয়ে ফেলেন, তারাই এমন শব্দচয়ন করে স্ট্যাটাস দিতে পারেন।’

সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই মন্তব্যের পর বিষয়টি নিয়ে নরসিংদীর সাংবাদিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!