ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

কলকাতার হাসপাতালে মারা যাওয়া রোটনের মরদেহ দেশে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৫২, ১১ অক্টোবর ২০২৬
কলকাতার হাসপাতালে মারা যাওয়া রোটনের মরদেহ দেশে
সংগৃহীত ছবি

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ ভারতের কলকাতা থেকে দেশে আনা হয়েছে। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর কলকাতার রুবি জেনারেল হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

শনিবার (১০ অক্টোবর) সকালে কলকাতার ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে একই দিন বেলা ১১টার দিকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে তাঁর মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যান রোটন। স্থানীয় সময় শনিবার সকাল সোয়া ৭টার দিকে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মরদেহ দেশে ফেরত পাঠানোর জন্য কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন প্রয়োজনীয় অনুমতিপত্র ইস্যু করে। দূতাবাস সূত্র জানায়, কলকাতায় তাঁর ভাগ্নে সোহানুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয় এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় অনাপত্তিপত্র দেওয়া হয়। পরে বেনাপোল চেকপোস্টে তাঁর বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন মরদেহ গ্রহণ করেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, পুলিশি পাহারায় রোটনের মরদেহ চেকপোস্ট এলাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে।

মরদেহ হস্তান্তরের সময় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ভোর থেকেই বেনাপোল চেকপোস্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলও সীমিত রাখা হয়েছিল বলে জানা গেছে।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্রলীগের রাজনীতি শেষে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন রোটন। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!