ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দশ জেলার নিয়ন্ত্রণ চায় আ.লীগ, কোনো কর্মসূচি করতে দেবে না পুলিশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ২৯ ও ৩০ নভেম্বরের ৪৮ ঘণ্টার ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, অন্তত ১০টি জেলায় সহিংসতা ছড়িয়ে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পনা রয়েছে দলটির নেতাকর্মীদের। তবে নিষিদ্ধ সংগঠনটির কোনো রাজনৈতিক কর্মসূচি করতে না দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে সহিংসতার ঝুঁকিতে থাকা ১০টি জেলার নাম জানা গেছে। জেলাগুলো হলো—গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, ফরিদপুর, বাগেরহাট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও নেত্রকোনা।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গোপালগঞ্জের মতো পরিস্থিতি তৈরি করে এসব এলাকার প্রশাসনিক কার্যক্রম অচল করে দেওয়ার চেষ্টা হতে পারে। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে থানা ও পুলিশ সদস্যদের সুরক্ষায়ও।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা। তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এরই মধ্যে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে ১৯ নভেম্বর অনলাইনে সারা দেশে কথিত লকডাউনের ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ওই ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। সেই পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই ২৯ ও ৩০ নভেম্বরের নতুন কর্মসূচি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশের আশঙ্কা, ২৮ নভেম্বর দুপুরের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। যানবাহন ও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গোয়েন্দা সূত্রের দাবি, সারা দেশে সহিংসতা ছড়ানোর পাশাপাশি রাজধানীতেও নিজেদের শক্তির জানান দিতে চায় নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। এ লক্ষ্যে ৩০ নভেম্বর রাজধানীকে কার্যত অবরুদ্ধ করে ফেলার চেষ্টা হতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, সহিংসতার ঝুঁকিতে থাকা এলাকাগুলোর মধ্যে গোপালগঞ্জের পর মাদারীপুর, শরীয়তপুর ও নড়াইল উল্লেখযোগ্য। নড়াইলে সরকারি স্থাপনা এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কা করা হচ্ছে।
ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও সালথা এলাকায়ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাগেরহাট, বরিশাল ও যশোরে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। চট্টগ্রাম ও নেত্রকোনাতেও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার আশঙ্কা করা হচ্ছে।
নিরাপত্তা সূত্রের দাবি, কয়েকটি জেলায় সর্বাত্মক লকডাউন কার্যকর করে অচলাবস্থা তৈরির লক্ষ্যে ভারতে পলাতক নেতাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রাখছেন দেশে থাকা নেতাকর্মীরা।
ভার্চুয়াল বিভিন্ন বৈঠকে ভোলা, গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর ও মানিকগঞ্জের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে সূত্রগুলো জানিয়েছে। এসব এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এ ক্ষেত্রে ভোলায় শাওন, গাজীপুর ও টাঙ্গাইলে ছোট মনির, জামালপুরে মির্জা আজম এবং মানিকগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য উল্লেখ করেছে সংশ্লিষ্ট সূত্র।
বিএনপির সাংগঠনিক অবস্থান তুলনামূলক দুর্বল—এমন জেলাগুলোতে সুযোগ কাজে লাগিয়ে গোপালগঞ্জের মতো পরিস্থিতি তৈরির পরিকল্পনা রয়েছে বলেও গোয়েন্দা সূত্রের দাবি।
নিরাপত্তা বাহিনীর সূত্র বলছে, ২৯ ও ৩০ নভেম্বরের কথিত কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ সদস্যরাও ঝুঁকির মুখে পড়তে পারেন। নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা থানা ও পুলিশকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চাপ সৃষ্টি করে প্রশাসনিক অচলাবস্থা তৈরি করাই এ ধরনের পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। এ পরিস্থিতিতে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।