ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রান্তিক খামারি থেকে জাতীয় স্বর্ণপদকজয়ী ক্ষেতলালের বিউটি

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ২৬ নভেম্বর ২০২৬
প্রান্তিক খামারি থেকে জাতীয় স্বর্ণপদকজয়ী ক্ষেতলালের বিউটি
স্বর্ণপদকপ্রাপ্ত জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সফল নারী উদ্যোক্তা মোছা. বিউটি বেগম।

প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রান্তিক নারী উদ্যোক্তা মোছা. বিউটি বেগম। তাঁর এ অর্জনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে স্থানীয়ভাবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ও স্বর্ণপদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিউটি বেগম ক্ষেতলাল উপজেলার হিন্দা-বজরবরাহী গ্রামের তোতা মিয়ার স্ত্রী। ‘প্রান্তিক খামারি ও অনগ্রসর জনগোষ্ঠীর অবদান’ ক্যাটাগরির ক্ষেত্র বিভাগে তিনি এ স্বর্ণপদক অর্জন করেন।

তিনি এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো), জয়পুরহাটের প্রাণিসম্পদ খাতের একজন সফল নারী উদ্যোক্তা ও সুফলভোগী। পিকেএসএফের আর্থিক সহযোগিতায় এসোর মাধ্যমে বাস্তবায়িত ‘বাক সার্ভিস সেন্টার’ (বিউটি পাঠার খামার) কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে তিনি এ সাফল্য অর্জন করেন।

বিউটি বেগমের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো)। সংস্থাটির কৃষি ইউনিটের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, এ সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং প্রাণিসম্পদ খাতে নারীদের অংশগ্রহণ ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। এ অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে এসোর কার্যক্রম ও পরিচিতি আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সাফল্যের পেছনে সংস্থার নির্বাহী পরিচালকের দিকনির্দেশনা, কৃষি ইউনিটের নিয়মিত তদারকি ও উৎসাহ এবং উপ-নির্বাহী পরিচালক, ফোকাল পারসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করেছে কৃষি ইউনিট।

ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক মিয়া বলেন, সারাদেশে আটটি ক্যাটাগরিতে ২৩ জন সফল উদ্যোক্তাকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বিউটি বেগম স্বর্ণপদক অর্জন করেছেন।

একজন প্রান্তিক নারী উদ্যোক্তা হিসেবে জাতীয় পর্যায়ে বিউটি বেগমের এ স্বীকৃতি এলাকার অন্যান্য নারী উদ্যোক্তা ও খামারিদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!