ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নিখোঁজ শিশুরা ফিরে আসছে লাশ হয়ে!
শিশু নিখোঁজ হওয়ার পর পরিবারের অপেক্ষা থাকে তার ফিরে আসার। কিন্তু দেশে একের পর এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের ঘটনা সেই অপেক্ষাকে দুঃস্বপ্নে পরিণত করেছে। টাঙ্গাইলে তিন বছর বয়সী আদিবা ইসলাম বুধবার নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে নিজের বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।
প্রতিবেশীর বাড়িতে খেলতে যাওয়া শিশু কীভাবে বাড়ির পেছনে মৃত অবস্থায় পৌঁছাল, কারা এর জন্য দায়ী- এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এই প্রশ্নগুলোর উত্তর শুধু আদিবার পরিবারের জন্য নয়, আমাদের সকলের জন্য জরুরি।
আদিবা একা নয়। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম আট মাসে নিখোঁজ হওয়ার পর ৩৬ জন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাবনায় নিখোঁজ ১০ বছরের কামরুন্নাহার কলির মরদেহ পাওয়া গেছে সাত দিন পর, বস্তাবন্দি ও খণ্ডিত অবস্থায়।
জামালপুরে স্কুলে যাওয়া সাত বছরের শিশুর মরদেহ মিলেছে সহপাঠীর বাড়ির মেঝের নিচে। কুমিল্লায় ১৩ বছর বয়সী অপ্রতিম নিখোঁজ হওয়ার পর হত্যার ঘটনা সামনে এসেছে। বিচ্ছিন্ন ঘটনা বলে এসব ভয়াবহতাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
শিশু নিখোঁজের পর প্রথম কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের ব্যবস্থায় নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমন্বিত, দ্রুত ও সর্বাত্মক অনুসন্ধান কতটা শুরু হয়, তা নিয়ে প্রশ্ন আছে। থানা, আশপাশের এলাকা, হাসপাতাল, পরিবহনকেন্দ্র, সিসিটিভি এবং ডিজিটাল যোগাযোগ- সবখানে একই সময়ে অনুসন্ধান চালানোর কার্যকর ব্যবস্থা কি আছে? নিখোঁজ শিশুর ছবি ও তথ্য দ্রুত সর্বত্র পৌঁছানোর প্রাতিষ্ঠানিক উদ্যোগ কোথায়? কোথাও দায়িত্বে অবহেলা হলে তার জবাবদিহি নিশ্চিত হচ্ছে কি?
পুলিশের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ে ১৫ হাজার ৭১৭ জন শিশু নিখোঁজ হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছে। তাদের ১৩ হাজার ৬৭৯ জন উদ্ধার বা ফিরে এসেছে, কিন্তু ২ হাজার ৩৮ জন এখনো নিখোঁজ। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, প্রত্যেকটি সংখ্যার পেছনে আছে পরিবার, অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতা। নিখোঁজের পর উদ্ধার হওয়া শিশুদের তথ্য যেমন নিয়মিত হালনাগাদ করা দরকার, তেমনি যারা এখনো নিখোঁজ, তাদের খোঁজে নিরবচ্ছিন্ন তৎপরতা প্রয়োজন।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা পরিবার একা পারে না। রাষ্ট্র, পুলিশ, স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজ- সব পক্ষের দায়িত্ব আছে। নিখোঁজ শিশুদের জন্য সমন্বিত জাতীয় তথ্যভান্ডার, দ্রুত অনুসন্ধানের নির্দিষ্ট প্রটোকল, এলাকাভিত্তিক সতর্কতা, সিসিটিভি ফুটেজ দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণ এবং তদন্তের অগ্রগতি তদারকির ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিশুদের প্রতি সহিংসতা, অপহরণ, যৌন নিপীড়ন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আদিবার মৃত্যুর কারণ ও দায়ীদের তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু তার মরদেহ উদ্ধারের ঘটনা আমাদের সামনে আবারও কঠিন প্রশ্ন রেখে গেল- শিশু নিখোঁজ হলে কেন তাদের নিরাপদে ফিরিয়ে আনার নিশ্চয়তা দিতে পারি না? প্রতিটি নিখোঁজ শিশুর খোঁজে রাষ্ট্রের সর্বোচ্চ তৎপরতা নিশ্চিত করতে হবে। আর কোনো পরিবার যেন সন্তান খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত তার লাশ শনাক্ত করার অপেক্ষায় না থাকে।
লেখক : দীপু মাহমুদ, কথাসাহিত্যিক ও সমাজ চিন্তক