ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ মতামত ]

সাংস্কৃতিক গণহত্যা, রবীন্দ্রনাথ এবং জাতীয় সংগীত

তুরান হক
প্রকাশিত: ১১:০৫, ২৪ নভেম্বর ২০২৬
সাংস্কৃতিক গণহত্যা, রবীন্দ্রনাথ এবং জাতীয় সংগীত
"ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ বছর" নামের রিসার্চ নির্ভর বইতে কোথাও রবীন্দ্রনাথের বিরোধীতা নিয়ে প্রফেসর রফিকুল ইসলাম কিছু লিখেননি। এমন কিছু থাকলে তো লিখতেন

সাংস্কৃতিক গণহত্যা কী? একটি জাতির সাংস্কৃতিক ঐতিহ্য, লোকধর্ম, ইতিহাস ও জীবনধারা ধ্বংসের উদ্দেশ্যে পরিকল্পিত কর্মসূচি।

  • 'এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায়, আমি যে গান গেয়েছিলেম, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো'
  • আমাদের অনেকেই জানেন রবীন্দ্রনাথ ভারতীয়। কিন্তু এই জানাটা ঠিক না। উনি জন্মান কোলকাতায় ১৮৬১ সালে আর মারাও যান কোলকাতায় ১৯৪১ সালে। তখন পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ একসাথে ছিলো। ১৯৪১ সালে ভারতের অংশ ছিলাম আমরা। অর্থাৎ রবীন্দ্রনাথ আমাদের মাটির সন্তান।

১৯৪৭ সালে ভারত পাকিস্তান আলাদা হয়। তার আগে বৃটিশ রাজত্ব করতো অবিভক্ত ভারত। বৃটিশ সাম্রাজ্যের সকল নাগরিক বৃটিশ প্রজা হিসেবে বিবেচিত হতো। তারা বৃটিশ আইন ও বিধির অধীনস্থ ছিলো। বৃটিশ ইন্ডিয়ান বলা হতো এদেরকে।

রবীন্দ্রনাথ ঠাকুরের পাসপোর্টে নাগরিকত্বের ঘরে লিখা আছে বৃটিশ ভারতীয় প্রজা (British Indian Subject)। রবীন্দ্রনাথ কখনো ভারতীয় পাসপোর্ট হোল্ড করেননি। উনি বর্তমানের যে ভারত তার জন্মের আগেই মারা যান। 

অন্যদিকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারতীয় পাসপোর্ট হোল্ড করেছেন একটা সময়। আমাদের পূর্ব পুরুষদের যাদের তখনকার সময়ের পাসপোর্ট আছে ওখানে British indian নামেই আছে। 

কবি সাহিত্যিকদের কোনো একটা দেশের জন্য জন্মান না। তারা সবার। আর রবীন্দ্রনাথ তো আমাদেরই কবি যেহেতু ওনার জন্ম অবিভক্ত ভারতে যার অংশ আমরাও ছিলাম তখন। আমাদের নজরুল ভারতীয়দের ও কবি। রবীন্দ্রনাথ, নজরুল সহ অন্যান্য কবি সাহিত্যিক সারা বিশ্বের।

রবীন্দ্রনাথ বাংলাদেশ বা ভারত কারোর জন্যই জাতীয় সংগীত হিসেবে কিছু লিখেননি। বাংলাদেশের জাতীয় সংগীত "আমার সোনার বাংলা" ওনার একটা কবিতা, গানও না। এর প্রথম ১০ লাইন নিয়েছি আমাদের জাতীয় সংগীতে। 

আমাদের মুক্তিযোদ্ধারা আমার সোনার বাংলা গেয়ে দেশকে ভালোবাসতে উদ্বুদ্ধ হয়েছে। মুজিব নগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে বেজেছে এই গান। 

এদিকে ভারতের জাতীয় সংগীত “জনগণমন -অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা" বাংলায় লিখা গান, হিন্দিতে না। রবীন্দ্রনাথের মৃত্যুর পর একে হিন্দিতে অনুবাদ করে জাতীয় সংগীত করা হয়।

পাকিস্তানের জাতীয় ভাষা উর্দু। কিন্তু পাকিস্তানের জাতীয় সংগীত "পাক সারজমিন" ফার্সিতে লেখা যা পাকিস্তানের জন্মের পরে পাকিস্তানের জন্য ১৯৫২ সালে লিখা হয়।

আমাদের জাতীয় সংগীতে ৫৩ বছরে সমস্যা ছিলো না। গতবছর গোলাম আযমের নাতি পুতিরা এ নিয়ে কথা তুললে সমস্যার শুরু হয় - অনেক শেয়াল হুক্কা হুয়া বলে এগিয়ে আসে। কেন? 

এই গান হিন্দু লিখেছে, ভারতীয় লিখেছে, আমাদের জন্য লিখেনি, কতো কথা। অথচ এই গান ভারতীয় কেউ লিখেনি। আর হিন্দু হলে যদি সমস্যা হয়, তাহলে দলে দেখি হিন্দু শাখা ও খুলেছেন। ফরাসি ব্রাহ্মন পীর হিন্দু না?

দেশে সমস্যার অভাব নেই। প্রতিদিন সমস্যা বাড়ছে। তার সাথে জাতীয় সংগীত নিয়ে ঝামেলা বাঁধাতে চাইছে একই পীর আর তার মুরিদেরা। জাতীয় সংগীত প্রয়োজন হলে হাজারবার পাল্টানো হবে। শুধু ব্রাহ্মন পীর আর তার মুরিদদের কথায় পাল্টাবো? দেশকে ধ্বংস না করে শান্তি নেই এই জালেমদের।

বলা হয় রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন; উনি গড়ের মাঠে অনুষ্ঠিত এমন এক সভায় সভাপতিত্ব করেন। এর কোনো সত্যতা পাওয়া যায়নি। ঢাকায় বিশ্ববিদ্যালয় হোক তা অনেকেই চায়নি। কিন্তু রবীন্দ্রনাথ তাদের মধ্যে ছিলেন বলে এমন কোনো বিশ্বাসযোগ্য রেফারেন্স নেই। 

ঢাবি. প্রতিষ্ঠা হয় ১৯২১ সালে। ১৯২৬ সালে রবীন্দ্রনাথকে ঢাবি আর ঢাকার নবাবের পক্ষ থেকে দাওয়াত দেয়া হয় যা উনি গ্রহণ করেন। কার্জন হলে ১০ ও ১৩ই ফেব্রুয়ারী ১৯২৬ ছাত্রদের উদ্দেশ্যে লেকচার দেন উনি। 

সবার অনুরোধে উনি বাসন্তীকা নামে একটা গীতিকবিতা ও লিখেন (সম্ভবত - এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায়, আমি যে গান গেয়েছিলেম, জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো, এই কথাটি মনে রেখো)। 

১৯৩৬ সালে ঢাবি. ওনাকে সম্মানসূচক ডি-লিট (Doctor of Literature) উপাধি প্রদান করে। বিরোধিতা করলে ওনাকে এভাবে রিসিভ করা হতো?

"ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ বছর" নামের রিসার্চ নির্ভর বইতে কোথাও রবীন্দ্রনাথের বিরোধীতা নিয়ে প্রফেসর রফিকুল ইসলাম কিছু লিখেননি। এমন কিছু থাকলে তো লিখতেন।

লেখক: তুরান হক, ফ্রিল্যান্স সাংবাদিক ও ভ্রমণ লেখক।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!