ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]
রয়টার্স এক্সক্লুসিভ

১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:১২, ২৪ নভেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার
ফাইল ছবি

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র।

দেশে ফেরার নির্দিষ্ট তারিখ এবারই প্রথম ঘোষণা করলেন শেখ হাসিনা। এ ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেত্রী এ মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করেন। এসব নথি চাওয়ার পাশাপাশি দেশে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের উড়োজাহাজেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে বিমানযাত্রার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মুখপাত্র আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। এখন বিজয় দিবস ১৬ ডিসেম্বর তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিক সাড়া দেননি। তবে রোববার রয়টার্সকে এক বাংলাদেশি মন্ত্রী জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!