‘শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়ির অনুষ্ঠানে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী এবং শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।