বান্দরবানে চার বছরের শিশুকে হত্যার অভিযোগ, ফুপু আটক
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে তায়েফা নামে চার বছরের এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার ফুপুর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় ও আর্থিক লেনদেন নিয়ে শিশুটির বাবার সঙ্গে তার বোনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার সালিশও চাওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
.png)
পরিবারের অভিযোগ, পূর্বের বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে শিশুটিকে তার ফুপুর ঘরে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পরে ওই ঘর থেকে শিশুটির নিথর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, শিশুটির মরদেহের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে হত্যার প্রকৃত কারণ, কীভাবে ঘটনাটি ঘটেছে এবং এর পেছনে অন্য কোনো বিষয় জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।