চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ঈগল পরিবহনের বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারাজ (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
১৬ নভেম্বর, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারাজ লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি ওই এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন তিনি।
জানা গেছে, চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ফারাজের মৃত্যু হয়। গুরুতর আহত অপর আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পটিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আহত ব্যক্তিকে স্থানীয়রা চমেক হাসপাতালে পাঠিয়েছেন। ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।