করোনা মোকাবিলায় মাঠে ছাত্রলীগ
করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনামূলক হ্যান্ডবিল বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার দুপুর ২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের এ কার্যক্রমের নেতৃত্ব দেন।
.png)
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি হলো জনসচেতনতা। একারণে আমরা জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এছাড়া অসাধু ব্যবসায়ীরা স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওয়া যাচ্ছে না। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা এসব কিনতে পারছে না। ছাত্রলীগ তাদের হাতে স্যানিটাইজার পণ্য পৌঁছাতে কাজ শুরু করেছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, করোনাভাইরাসের বিস্তার এবং এর প্রভাবে বাংলাদেশও এখন স্বাস্থ্য ঝুঁকিতে। এ অবস্থায় বাজারে হ্যান্ড স্যানিটাইজারের স্বল্পতা এবং মূল্য বৃদ্ধি পাওয়ায় ছাত্রলীগ শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।
সারাদেশে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগের এ উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দিতে সব ইউনিটের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। ভাইরাস যাতে বেশি সংক্রমিত না হতে পারে তার জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি৷
সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ প্রায় ৩ হাজার মাস্ক, ছাত্রলীগের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরিকৃত ৩ হাজার হ্যান্ড স্যানিটাইজার এবং সচেতনতামূলক ৫ হাজার হ্যান্ড লিফলেট বিতরণ করে।